চাকসুর অধিকাংশ প্রতিশ্রুতি এখনো অপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

 



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। দায়িত্ব গ্রহণের এক বছরে কয়েকটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হলেও নির্বাচনী ইশতেহারের অধিকাংশ প্রতিশ্রুতি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।


এক বছরে চাকসুর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে তিনটি হলের বর্ধিত অংশ সংস্কারের মাধ্যমে ১৯৭ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা, শাটল ট্র্যাকার অ্যাপ চালু, বাস সার্ভিস সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স ও মিনি অপারেশন থিয়েটার যুক্ত করা। এসব উদ্যোগ শিক্ষার্থীদের কিছু সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে।


তবে ৩৩ দফা নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনো রয়েছে বড় ধরনের ঘাটতি। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী এখনো আবাসন সুবিধার বাইরে রয়েছেন। শাটল ট্রেনের সংখ্যা বাড়েনি, বন্ধ হয়নি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও কাটেনি।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অটোমেশন, মেডিকেল সেন্টারে চিকিৎসক সংকট নিরসন, নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোও এখনো অসম্পূর্ণ।


ফলে দায়িত্ব পালনের এক বছর শেষে চাকসুর কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও শিক্ষার্থীদের প্রত্যাশার তুলনায় অর্জনের পরিমাণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে আবাসন, পরিবহন, নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রমের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।


নাবিল/৮২৮২


3/related/default