জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিভিন্ন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি উদযাপনের অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত থাকলেও চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে নির্ধারিত কর্মসূচি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হতে পারে। ফলে ছুটির দিনেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

