মধুপুরে তরুণ প্রজন্মের জন্য দুই বিঘা জমিতে খেলার মাঠ তৈরি করলেন যুবদল নেতা হযরত শেখ

নিজস্ব প্রতিবেদক

 



মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:


মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ। নিজ উদ্যোগে প্রায় দুই বিঘা জমি লিজ নিয়ে তরুণদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দিয়েছেন তিনি।


উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমি দুই বছরের জন্য লিজ নিয়ে মাঠটি প্রস্তুত করা হয়। শুক্রবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


উদ্যোক্তা হযরত শেখের প্রত্যাশা, এই মাঠ স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করবে এবং তাদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার পরিবেশ গড়ে উঠলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পাবে।


তবে মাঠটি দুই বছরের জন্য লিজ নেওয়া হওয়ায় ভবিষ্যতে এর স্থায়ী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে। এ প্রেক্ষাপটে এলাকায় একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।


স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামাঞ্চলে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে অনেক তরুণ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এমন বাস্তবতায় ব্যক্তিগত উদ্যোগে মাঠ তৈরি নিঃসন্দেহে প্রশংসনীয়।


মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। মধুপুরের এই উদ্যোগ সফল ও দীর্ঘস্থায়ী হলে তা অন্যান্য এলাকাতেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।


প্রতিদিনের ক্যাম্পাস

শিক্ষার্থীদের গণমাধ্যম

Tags
3/related/default