জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।

